হযরত শাহ জালাল (রাহঃ) এঁর জীবনী
শাহ জালাল
শাহজালাল (আরবি: شاه جلال, সিলেটি:ꠡꠣꠢ ꠎꠣꠟꠣꠟ; ১২৭১ – ১৩৪১) ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফিদরবেশ। তাঁর পুরো নাম শেখ শাহ জালাল কুনিয়াত মুজাররদ। ৭০৩ হিজরী মোতাবেক ১৩০৩ ইংরেজী সালে ৩২ বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয়। সিলেট আগমনের সময়কাল নিয়ে যদিও বিভিন্ন অভিমত রয়েছে, তদুপরি শাহ জালালের সমাধির খাদিমগণের প্রাপ্ত ফার্সি ভাষার একটি ফলক-লিপি থেকে উল্লেখিত সন-তারিখই সঠিক বলে ধরা হয়[১]। পারসী ভাষায় লিখিত ফলক-লিপি বর্তমানে ঢাকা যাদুঘরে সংরক্ষিত আছে[২]। সিলেটেতাঁর মাধ্যমেই ইসলামের বহুল প্রচার ঘটে[১][২][৩]সিলেট বিজয়ের পরে শাহ জালালের সঙ্গী-অনুসারীদের মধ্য হতে অনেক পীর-দরবেশ এবং তাদের পরে তাঁদের বংশধরগণ সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করেন[১]। শাহজালালের সফরসঙ্গী ৩৬০ জন আউলিয়ারসিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। তাঁর মৃত্যুর পর তাঁকে সিলেটেই কবর দেয়া হয়।[৪]
প্রাথমিক জীবন
হিজরী ষষ্ঠ শতকের শেষাংশে মক্কার কোরায়েশ বংশের একটি শাখা মক্কা শহর হতে হেজাজ ভূমির দক্ষিণ পশ্চিম সীমান্তে ইয়েমেন প্রদেশে গিয়ে বসবাস করেন। ঐ শাখার মোহাম্মদ বা মাহমুদ শাহজালালের পিতা। মাহমুদের পিতা ছিলেন ইব্রাহিম[৩][৫]
হযরত শাহ জালালের রওজায় প্রাপ্ত ফলক-লিপি সুহেলি ইয়্যামনি অনুসারে, শাহ জালাল ৩২ বছর বয়সে ৭০৩ হিজরী মোতাবেক ১৩০৩ খ্রিস্টাব্দে সিলেট আগমন করেন। সুহেলি ইয়্যামনিতে উল্লেখিত তথ্য হতে জানা যায় যে, ৬৭১ হিজরী (১২৭১ খ্রিস্টাব্দে) শাহজালাল জন্মগ্রহণ করেছেন। তাঁর জন্মভূমি ছিল প্রাচীন আরবে আযমের হেজাজ ভূমির তৎকালীন প্রদেশ ইয়্যামন দেশের কুনিয়া নামক শহর। শাহ জালাল যখন তিন মাসের শিশুবালক, তখনই তাঁর মাতার মৃত্যু হয়। [৫]
শাহ জালাল শিশুকালেই মাতৃহীন হন এবং পাঁচ বছর বয়সে পিতাকে হারান। মামা আহমদ কবির তাঁকে দত্তক নেন । আহমদ কবির আরবী ভাষায় কোরআন হাদিস শিক্ষা দেয়া সহ ইসলাম ধর্মের প্রাথমিক বিষয়ে (নামাজ, রোজায়) অভ্যস্ততার গুরুত্ব প্রদান করেন। পরবর্তিতে আহমদ কবীর শাহ জালালকে ইয়েমেন থেকে মক্কায় নিয়ে যান। মক্কা শহরে আহমদ কবীরের একটি আস্তানা (হোজরা) ছিল। সেখানে অন্যান্য শিষ্যদের সাথে শাহ জালালকেও উপযুক্ত শিক্ষা দিয়ে গড়ে তুলতে সচেষ্ট ছিলেন বলে জানা যায়। [২][৫]
গুরু পরিচিতি
শাহ জালাল-এর মামা ও শিক্ষাগুরু সৈয়দ শায়েখ আহমদ কবির সোহরাওয়ার্দি, সাধারণত; আহমদ কবির নামে তিনি বহুল পরিচিত। সৈয়দ আহমদ কবিরের পিতা নাম সৈয়দ জালাল সুরুখ বোখারী। সৈয়দ জালাল সুরুখ বোখারী শাহ জালালের জন্মের আগে ভারতবর্ষে ইসলাম প্রচারের লক্ষে মোলতানের নিকট আউচে এসে বসবাস করেন এবং সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন [২] সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দির পিতা সৈয়দ জালাল সুরুখ বোখারী ছিলেন তাঁর মুরশীদ।
শাহ জালাল (রহ) এর পীরদের ঊর্ধঃস্তন পীরগণের তালিকা নিম্নরূপঃ
- হযরত মোহাম্মদ (সঃ)
- হযরত আলী (রাঃ)
- শেখ হাসান বসরী
- শেখ হবিব আজমী
- শেখ মারুফ কর্খী
- শেখ সিংরি সুকতি
- শেখ মমশাদ সিকন্দরী
- শেখ আহমদ দিন্নুরী
- শেখ আমুবিয়া
- শেখ আজি উদ্দীন সোহরাওয়ার্দী
- শেখ আবু নজিব জিয়াউদ্দিন
- শেখ হিসাব উদ্দীন
- শেখ মাখদুম
- শেখ বাহাউদ্দীন জাকারিয়া
- সৈয়দ জালাল সুরুখ বোখারী
- সৈয়দ শায়েখ আহমদ কবির সোহরাওয়ার্দি
- শাহ জালাল [২][৩][৬]।
আধ্যাত্মিকতা
শাহ জালালকে সুফি মতবাদে দীক্ষিত করাই আহমদ কবিরের মূল উদ্দেশ্য ছিল বলে জানা যায়; যে কারণে আহমদ কবিরের শাহ জালালকে নিয়ে মক্কায় আসা। মক্কা শহরে সোহরাওয়ার্দি তরিকার প্রবর্তক সিহাবুদ্দীনের প্রতিষ্ঠিত খানকায় (মরমী স্কুল) তত্কালে আহমদ কবির ছিলেন প্রধান তত্ত্বাবধায়ক। আহমদ কবির শাহ জালালকে ইসলামের শরীয়ত ও মারিফত উভয়ধারায় শিক্ষাদানে দীক্ষিত করেন। [২][৬]
দরবেশী জীবন
জন্মগতভাবে শাহ জালাল দরবেশ পরিবারে জন্ম নিয়েছেন। জানা যায়, তাঁর পিতা ছিলেন একজন ধর্মানুরাগী মোজাহিদ, ইয়্যামনে ধর্ম যুদ্ধে তিনি নিহত হন এবং তাঁর মাতার দিক দিয়ে তিনি সৈয়দ বংশের প্রখ্যাত দরবেশ সৈয়দ জালাল সুরুখ বোখারীর দৌহিত্র ছিলেন। [৬] তদুপরি দরবেশ আহমদ কবির তাঁর মামা, যাঁকে শাহ জালালের শিক্ষা গুরু হিসেবে পাওয়া যায়, তিনিও তত্কালের একজন বিখ্যাত দরবেশ ছিলেন বলে উল্লেখ রয়েছে। আহমদ কবির যখন শাহ জালালের লালন-পালনের ভার গ্রহণ করেন সেই ছোটবেলা থেকেই তাঁকে দরবেশী তর-তরিকায় জীবন যাপনের প্রণালী শিক্ষা দিয়েছেন বলেও পাওয়া যায়।
সিলেট আগমন পর্ব
শাহ জালাল মুজাররদ তাঁর মামা ও গুরু সৈয়দ আহমদ কবিরের আস্তানায় আরব দেশে ছিলেন। শাহজালাল ভারতবর্ষে ধর্ম প্রচারের স্বপ্ন দেখার পরে সৈয়দ আহমদ কবির-এর কাছে ব্যক্ত করেন। মামা ও মুর্শিদ সৈয়দ আহমদ কবিরকে তা জানান। কবির এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে শাহজালালকে ভারতবর্ষে যাবার পরামর্শ দেন। যাত্রাকালে কবির শাহ জালালেরর হাতে এক মুঠো মাটি তুলে দিয়ে বললেনঃ যে স্থানে এই মাটির "স্বাদ" "গন্ধ" ও "বর্ণের" মিল এক হবে, সেখানেই ধর্ম প্রচারের জন্য আস্তানা গড়বে। মুর্শিদ সৈয়দ আহমদ কবির (রহ) এর দোয়া নিয়ে শাহ জালাল (রহ) ধর্মপ্রচার অভিযানে আরবের মক্কা শরিফ হতে একা-একাই যাত্রা শুরু করেন[৭][৮]।
হিন্দুস্থানে প্রবেশ
শাহ জালাল মক্কা হতে বিদায় কালে যে কয়েক জন সঙ্গী তাঁর সাথে যাত্রা করেন তাদের মধ্যে প্রধান ছিলেন হাজী ইউসুফ, হাজী খলীল, হাজী দরিয়া এবং আরেকজন সঙ্গী চাশনী পীর ছিলেন মৃত্তিকার তহবিলদার। হিন্দুস্থানে আসার পূর্ব পর্যন্ত সমরবান্দথেকে সৈয়দ ওমর, রোম থেকে করিমদাদ, বাগদাদথেকে নিজাম উদ্দীন, ইরান, জাকারিয়া ও শাহ দাউদ এবং সৈয়দ মুহম্মদ প্রমুখ তার অনুগামী হলেন। তাদের নিয়ে তিনি হিন্দুস্থানে প্রবেশ করলেন। এরপর সুলতান থেকে আরিফ, গুজরাট থেকে জুনায়েদ, আজমীর শরীফ থেকে মুহম্মদ শরীফ, দাক্ষিণাত্য থেকে সৈয়দ কাসিম, মধ্যপ্রদেশের হেলিম উদ্দীন প্রমুখ তার মুরীদ হয়ে তাঁর সঙ্গে সঙ্গে চললেন। এভাবে দিল্লী পর্যন্ত এসে পৌঁছালেন তখন শিষ্যদের সংখ্যা ২৪০ জন বলে ধারণা পাওয়া যায়।
নিজামুদ্দীন আউলিয়ার সাথে সাক্ষাৎ
দিল্লিতে আসার পর নিজামুদ্দিন আউলিয়ার জনৈক শিষ্য গুরুর কাছে শাহ জালালের কুত্সা প্রচার করে। সঙ্গে সঙ্গে নিজাম্মুদ্দীন অন্যের কুত্সা রটনাকারী এ শিষ্যকে উপযুক্ত শাস্তিস্বরূপ দরবার থেকে তাড়িয়ে দেন এবং অন্য দুই শিষ্যকে ডেকে তাদের মারফতে শাহ জালালের কাছে সালাম পাঠান । শাহ জালাল সালামের উত্তরে উপটৌকনস্বরূপ ছোট একটি বাক্সে প্রজ্জলিত অঙ্গারের মধ্যে কিছু তুলা ভরে নিজামুদ্দীন আউলিয়ার নিকট পাঠান। নিজামুদ্দিন আউলিয়া হযরত শাহ্ জালালের আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে তাঁকে সাদরে সাক্ষাতের আমন্ত্রণ জানান। বিদায়কালে প্রীতির নিদর্শনস্বরূপ নিজামুদ্দিন আউলিয়া তাঁকে এক জোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। মাজার সংলগ্ন এলাকায় সুরমা রঙের যে কবুতর দেখা যায় তা ঐ কবুতরের বংশধর। যা জালালী কবুতর নামে খ্যাত।[২]
শেখ্ বুরহান উদ্দীনের দেখা ও দুঃখ প্রকাশ
উল্লেখ্য যে, শ্রীহট্টে ইসলাম জ্যোতি সহ বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থের বর্ণনা অনুসারে তুর্কি বিজয়ের মধ্য দিয়ে শ্রীহট্টে মুসলমান জনবসতি গড়ে ওঠে ছিল । সিলেটের টুলটিকর মহল্লায় ও হবিগঞ্জের তরফে তত্কালে মুসলমানরা বসতি গড়েছিলেন। এ সময় শ্রীহট্টের গৌড় রাজ্যে গৌড়-গোবিন্দ নামে এক অত্যাচারী রাজা ছিল। গৌড় রাজ্যের অধিবাসী বুরহান উদ্দীন নামক জনৈক মুসলমান নিজ ছেলের জন্মোত্সব উপলক্ষে গরু জবাই করে গৌড়ের হিন্দু রাজা গৌড় গোবিন্দের কাছে অপরাধী সাব্যস্ত হন। এ কারণে, গোবিন্দ বুরহান উদ্দীনের শিশু ছেলেকে ধরে নিয়ে হত্যা করে। বুরহান উদ্দীন বাংলার তত্কালীন রাজা শামস উদ্দীন ফিরুজ শাহের নিকট গিয়ে এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের অভিযোগ করলে রাজা তাঁর ভাগিনেয় সিকান্দর গাজীকে প্রকাণ্ড সৈন্যবাহিনীর সঙ্গে শ্রীহট্টের গৌড় রাজ্যে প্রেরণ করেন। শাহী সৈন্য যখন ব্রহ্মপুত্র নদী পার হতে চেষ্টা করে তখনই রাজা গোবিন্দ ভৌতিক শক্তির সাহায্যে মুসলিম সৈন্যের উপর অগ্নিবাণ নিক্ষেপ করে সমস্ত চেষ্টাকে বিফল করে ফেলে। গোবিন্দের ঐন্দ্রজালিক শক্তির প্রভাবে সিকান্দর গাজীর প্রতিহত ও বিফল মনোরথের সংবাদ দিল্লীর সম্রাট আলাউদ্দীন খিলজীর নিকট পৌঁছলে সম্রাট এ সংবাদে মর্মাহত হন। পরবর্তিতে সম্রাট তাঁর রাজদরবারী আমেল-উলামা সহ জ্যোতিষিদের সাথে আলোচনায় এই মর্মে অবহিত হন যে, সুলতানের সেনাবাহিনীতে আধ্যাত্মিক শক্তিসম্পন্ন এক ব্যক্তি রয়েছে, তাঁর নেতৃত্বে অভিযান প্রেরণ করা হলে গৌড়গোবিন্দের যাদু বিদ্যার মোকাবেলা করে সিলেট বা শ্রীহট্ট জয় সম্ভব হবে। জ্যোতিষিরা উক্ত আধ্যাত্মিক শক্তিসম্পন্ন ব্যক্তির পরিচয়ের পন্থা হিসেবে এও বলে ছিল, আগামী দুই/এক রাত্রের মধ্যে দিল্লী নগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে সমস্ত নগরী ভেসে যাবে, প্রতিটি ঘর বাড়ির বিষম ক্ষতি লক্ষিত হবে, কোথায় কোন প্রদীপ থাকবে না; একটি মাত্র তাবু ব্যতীত। সম্রাট জ্যোতিষিদের কথামত অনুসন্ধান করে সেই ঝড় বৃষ্টির রাতে দেখতে ফেলেন একজন সাধারণ সৈনিক একটি তাঁবুতে একাগ্র মনে বসে কোরান পড়ছেন। সম্রাট সেখানে উপস্থিত হয়ে তাঁর সব বিষয় অবগত হয়ে সিলেট অভিযানের নেতৃত্ব দেয়ার অনুরোধ জানান। তিনি সৈয়দ নাসির উদ্দীন সম্রাটের আদেশে সম্মত হলে সম্রাট তাঁকে সিপাহসালার সনদ প্রদানের মাধ্যে সিকান্দর গাজীর কাছে প্রেরণ করেন। এদিকে গাজী বুরহান উদ্দীন তখন দিল্লীতে অবস্থান করছিলেন। এসময় শাহ জালালও তাঁর সঙ্গীদের নিয়ে দিল্লীতে আসেন । ঐতিহাসিক আজহার উদ্দীন ধরণা করে দিল্লীতেই বুরহান উদ্দীনের সাথে শাহ জালালের সাক্ষাৎ হয় এবং এখানেই বুরহান উদ্দীন নিজের দুঃখময় কাহিনী তাঁর নিকট বর্ণনা করেন । [২][৩]
সিপাহশালার নাসির উদ্দীনের দেখা
শাহ জালাল দিল্লী হতে বুরহান উদ্দীনকে সহ ২৪০ জন সঙ্গীসহচর সিলেটের উদ্দেশ্য রওয়ানা হলেন । শাহ জালাল সাতগাঁও এসে ত্রিবেণীর নিকট দিল্লীর সম্রাট প্রেরিত অগ্রবাহিনী সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীনের সাথে মিলিত হন। সৈয়দ নাসির উদ্দীন শাহ জালাল সম্পর্কে অবগত হয়ে তদীয় শিষ্যত্ব গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেন। পথে পথে শাহ জালালের শিষ্য বর্ধিত হতে লাগল । ত্রিবেণী থেকে বিহার প্রদেশে আসার পর আরো কয়েকজন ধর্মযোদ্ধা অনুষঙ্গী হলেন। যাদের মধ্যে হিসাম উদ্দীন, আবু মোজাফর উল্লেখযোগ্য। এখান থেকে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীনের আনিত এক হাজার অশ্বারোহী ও তিন হাজার পদাতিক সৈন্যসহ শাহ জালাল নিজ সঙ্গীদের নিয়ে সোনারগাঁ অভিমুখে সিকান্দর গাজীর সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন।[৩]
সিকান্দর গাজীর দেখা ও ব্রহ্মপুত্র পার
শাহ জালাল সোনারগাঁ আসা মাত্রই শাহ সিকান্দর গাজীর সাথে সাক্ষাৎ ঘটিল। সিকান্দর গাজী শাহ জালালকে সসম্মানে গ্রহণ করলেন । শাহ জালাল তাঁর সঙ্গী অনুচর ও সৈন্যসহ শাহ সিকান্দরের শিবিরে সমাগত হয়ে সিকান্দর হতে যুদ্ধ বিষয়ে সব বিষয় অবগত হন। সিকান্দর শাহ জালালের আদর্শে অনুপ্রাণিত হয়ে শিষ্যগ্রহণপূর্বক সিলেট অভিমুখে যাত্রা করলেন। এভাবে শাহ জালালের শিষ্য সংখ্যা বেড়ে ৩৬০ জনে পৌঁছায়। এদিকে গৌড় গৌবিন্দনিজস্ব চর দ্বারা শাহ জালালের সমাগম সংবাদ পেয়ে; নতুন এ দল যাতে ব্রহ্মপুত্র নদী পার না হতে পারেন, সে জন্য নদীর সমস্ত নৌ-চলাচল বন্ধ করে দেয়। শাহ জালালের ভক্তরা বিশ্বাস করেন যে, তিনি তাঁর শিষ্যদের নিয়ে বিনা বাধায় জায়নামাজের সাহায্যে ব্রহ্মপুত্র নদী অতিক্রম করেন [৩]।
সিলেটে প্রবেশ
খ্রিস্টিয় দশম শতকে শ্রীহট্টভূমি লাউড়, জয়ন্তীয়া ও গৌড় নামে তিনটি স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল। উক্ত রাজ্য গুলোর মধ্যে গৌড় অন্যতম রাজ্য হিসেবে বিবেচিত ছিল। এ রাজ্যে প্রাচীন সীমা রেখা বর্তমান মৌলভীবাজার জেলা সহ হবিগঞ্জ জেলার কিয়দংশ নিয়ে বিস্তৃত থাকায় গৌড় রাজ্যের দক্ষিণ সীমাভূমি নবীগঞ্জের দিনারপুর পরগণার পাশে রাজা গোবিন্দের চৌকি ছিল। শাহ জালাল তাঁরসঙ্গীদের নিয়ে ব্রহ্মপুত্র নদী পার হয়ে প্রথমত সেখানে অবস্থান করেন। এখানে গৌড়ের সীমান্ত রক্ষীরা অগ্নিবাণ প্রয়োগ করে তাদেরকে প্রতিহত করতে চায়; কিন্তু মুসলমান সৈন্যের কোন ক্ষতি করতে পারেনি। গোবিন্দ সমস্ত বিষয় অবগত হয়ে উপায়ান্তর না পেয়ে বরাক নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ বলে ঘোষণা করে। শাহ জালাল পূর্বের মতো জায়নামাজের সাহায্যে বরাক নদী পার হন। বরাক নদী পারাপারে বাহাদুরপুর হয়ে বর্তমান সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায় ফতেহপুর নামক স্থানে রাত্রিযাপন করেন। উল্লিখিত তথ্য-সম্বলিত প্রাচীন গ্রন্থ তোয়ারিখে জালালীতে উল্লেখ আছেঃ
ছিলটের হর্দ্দ ছিল সাবেক মসুর
সেখানে আসিয়া তিনি পৌছিলা যখন
খবর পাইলা রাজা গৌবিন্দ তখন ।
এপারে হজরত তার লস্কর সহিতে
আসিয়া পৌছিলা এক নদীর পারেতে
বরাক নামে নদী ছিল যে মসুর
যাহার নিকট গ্রাম নাম বাহাদুরপুর।
যখন পৌছিলা তিনি নদীর কেনার
নৌকা বিনা সে নদীও হইলেন পার [৩]।
সর্ব প্রকার কলাকৌশল অবলম্বন করে রাজা গৌড়গোবিন্দ যখন দেখলেন সকল প্রয়াসই বিফলে হচ্ছে, তখন শেষ চেষ্টা করার লক্ষে যাদুমন্ত্রসহ এক প্রকাণ্ড লৌহধনুক শাহ জালালের কাছে প্রেরণ করে; যার শর্ত ছিল যদি কেহ একা উক্ত ধনুকের জ্যা ছিন্ন করতে পারে তখন গোবিন্দ রাজ্য ছেড়ে চলে যাবে। শাহ জালাল তাঁর দলের লোকদের ডেকে বললেন, যে ব্যক্তির সমস্ত জীবনে কখনও ফজরের নামাজ খাজা হয়নি বা বাদ পড়েনি একমাত্র সেই পারবে গোবিন্দের লৌহ ধনুক "জ্যা" করতে। অতপর মুসলিম সৈন্যদলের ভেতর অনুসন্ধান করে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীনকে উপযুক্ত পাওয়া গেল এবং তিনিই ধনুক জ্যা করলেন[২][৩]।
সুরমা নদী পারাপার
উত্তর-পূর্ব ভারতের বরাক নদী বাংলাদেশে প্রবেশ করার সময় সুরমা ও কুশিয়ারা নদীতে বিভক্ত হয়ে যায়। সিলেট বিভাগের বেষ্টনী হিসেবে ধর্তব্য এ নদীগুলো প্রাচীন কালে প্রবল স্রোতে প্রবাহিত হত। বর্ষাকালের দৃশ্য প্রায় সাগরের মত দেখাতো। ঐতিহাসিক পর্যটক ইবন বতুতা সুরমা নদীকে নহরি আজরফ বলে আখ্যায়িত করেছেন । শাহ জালাল ফতেপুর হতে যাত্রা করে যখন সুরমা তীরে অবস্থান নিলেন, এ নদী পার হয়েই গৌড়ের রাজধানী। শাহ জালাল আউলিয়ার কেরামতি ও আলৌকিক বিভিন্ন ঘটনায় রাজা গোবিন্দ বীতশ্রদ্ধ হন। গোবিন্দ শক্রবাহিনীকে কিছু সময় ঠেকিয়ে রাখার জন্য সুরমা নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ করেন। তা সত্ত্বেও শাহ জালাল নদী পার হন।
গোবিন্দ গড়দুয়ারস্থিত রাজবাড়ি পরিত্যাগ করে পেচাগড়ের গুপ্তগিরি দুর্গে আশ্রয় নেন। এরপর থেকে তার আর কোন হদিস মেলেনি। শাহ জালাল তিন দিন সিলেটে অবস্থান করার পর, মিনারের টিলায় অবস্থিত রাজবাড়ি প্রথমে দখল নিলেন। [৩]
সিলেট প্রথম আজান ধ্বনি
গৌড় গোবিন্দের আত্মগোপন
গৌরগোবিন্দের মুসলিম নির্যাতনের কথা জানতে পেরে বাংলার তৎকালীন সুলতান ফিরজ শাহ গৌরগোবিন্দের বিরুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করেন, কিন্তু প্রথম অভিযান ব্যর্থ হলে ফিরজ শাহ সিকান্দার শাহের সহযোগিতা নিয়ে নাসির উদ্দীন নামের একজন সেনাপতিকে তার বিরুদ্ধে প্রেরণ করেন। এই সময় শাহজালাল তাঁর সেনাবাহিনীসহ সোনারগাঁয়ে অবস্থান করছিলেন; এই উভয় বাহিনী শাহজালালের নেতৃত্বে গৌরগোবিন্দের বিরুদ্ধে অভিযান করেন এই খবর শুনে গৌরগোবিন্দ পলায়ন করেন।
হযরত শাহজালাল (রহ) এর লাকড়ী ভাঙ্গার উৎসব
শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা ও আভিজাত্যের গৌরব ধ্বংসের শিক্ষা নিয়ে প্রায় সাত’শ বছর ধরে সিলেটে এ উৎসব উদযাপন করা হয় ।
সুফি সাধক হযরত শাহজালাল (রহ)-এর স্মৃতি বিজড়িত এ উৎসব হিজরী বর্ষের ২৬ শে শাওয়াল পালন করা হয়। এ উৎসব উপলক্ষ্যে দরগা-ই-হযরত শাজালাল প্রাঙ্গন থেকে জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে হাজার হাজার শাহজালাল ভক্তের বর্ণাঢ্য মিছিললাক্কাতোড়া চা বাগানের নির্দিষ্ট পাহাড়ের দিকে ছুটে যায় । সেখান থেকে সংগ্রহ করা হয় লাকড়ি। সেই লাকড়ি কাঁধে নিয়ে পুনরায় মিছিল দরগা প্রাঙ্গনে ফিরে আসে। যা এ উৎসবের ২১ দিন পর অনুষ্ঠিতব্য হযরত শাহজালাল (রহ)-এর বার্ষিক উরশ শরীফের শিন্নী রান্নায় ব্যাবহার করা হয় । প্রায় সাত শ বছর ধরে চিরাচরিত প্রথায় এ উৎসব পালন হয়ে আসছে। এই মিছিল ছুটে চলে হযরত শাহজালাল (রঃহঃ) এর ঐতিহ্যবাহী লাকড়ি তোড়া বা লাকড়ি ভাঙ্গার উৎসবে । প্রায় পাঁচ কিলোমিটার পথ পাড়ি দেয়া এ মিছিলেরশুরু যখন গন্তব্যে পৌঁছে তখনো এর শেষ অংশ থাকে দরগা প্রাঙ্গনে । কোনো প্রচার-প্রচারণা ছাড়া প্রতি বছর বিশ থেকে ত্রিশ হাজার মানুষের জমায়েত হয় । পুণ্য লাভের মূলা ঝোলানো মাইকিং নেই, উদ্ভোধক নেই, প্রধান অতিথি নেই, এক মুষ্টি ডাল-চালের খিচুরী ছাড়া পেট চুক্তি কোনো খাবারও নেই; তবুও প্রতি বছর এই জনপদের সব চাইতে প্রাচীন ‘লৌকিক ও অসাম্প্রদায়িক’ এ লাকড়ি তোড়ার (ভাঙ্গার) মেলা’ বা ‘লাক্কাতোড়ার উরস’ উদযাপিত হয়ে আসছে চিরাচরিত প্রথায় । এ উৎসব হঠাৎ করে শুরু হয়নি । প্রাচীন এই উৎসবের সাথে জড়িয়ে আছে সুলতানুল বাঙাল হজরত শাহ্জালাল (র.হ.)-এর স্মৃতি । প্রায় সাতশত বছর ধরেহিজরি বছরের ২৬ শাওয়াল এই ‘লাক্কাতোড়ার মেলা’ বা ‘লাকড়ি ভাঙ্গার উরস’ উদযাপিত হয়ে আসছে । এই দিনটি হলো হজরত শাহজালাল (র.হ.) কর্তৃক সিলেটবিজয়ের দিন । ৭০৩ হিজরী’র ২৬শে শাওয়াল অত্যাচারী রাজা গৌড়গোবিন্দকে পরাজিত করে প্রাচিন শ্রীহট্র নগরী সুফি সাধক হযরত শাজালাল (রহ)-এর হাতে বিজিত হয় । তাই এদিন ‘শ্রীহট্ট বিজয় দিবস’ নামেও পালিত হয় । আবার এ দিনেই ৭২৫ হিজরীতেঁ হযরতের মামা ও মুর্শিদ হযরত সৈয়দ আহমদ কবির (রহঃ)-এর ওফাত হয় । পিতৃ-মাতৃহীন হযরত শাহজালাল (রহঃ) শৈশবকাল মামা হযরত সৈয়দ আহমদ কবির (রহঃ)-এর কাছে লালিতপালিত হয়েছিলেন। তিনি ভাগনেকে শুধু লালন-পালনই করেননি আধ্যাত্মিক শিক্ষায়ও শিক্ষিত করেন। কামালিয়াতের উচ্চ পর্যায়ে পৌঁছে যাওয়ায় তিনি ভাগনেকে ইসলামের দাওয়াতে নিয়োজিত করেন। মক্কা শরিফের এক মুঠো মাটি দিয়ে বলেন এই মাটির সাথে সামঞ্জস্যপূর্ণ স্থানেই তাঁর দাওয়াতি মিশন সমাপ্ত করতে। হযরত সৈয়দ আহমদ কবির (রহঃ) ছিলেন জগত বিখ্যাত সুফিসাধক হযরত জালালুদ্দিন সুররুখ বুখারী (রহঃ) এর পুত্র ও হযরত মাখদুম জালালুদ্দিনজাহানিয়ান জাহানগাস্ত বুখারী (রহঃ)-এর পিতা। ২৬ শাওয়াল হযরত সৈয়দ আহমদ কবির (রহঃ) পাঞ্জাব প্রদেশের ভাওয়াল জেলার উচ নগরীতে ইন্তেকাল করেন । তাই এইদিনটি শাহজালাল (রহঃ) এর মুর্শিদের পবিত্র উরস শরীফ হিসাবেও উদযাপন করা হয় । লাকড়ি ভাঙ্গা উৎসবের সম্পর্কে যে কিংবদন্তী প্রচলিত আছে তা হজরত শাহ্জালাল (রহ.) এর সাথে ঐতিহাসিকভাবে সম্পর্কিত । রাজা গৌরগোবিন্দকেপরাজিত করার পর হজরত শাহ্জালাল (রহ.) তাঁর সঙ্গী সাথিদের এই অঞ্চলের নানা প্রান্তে ইসলাম প্রচারে প্রেরন করলেন । তাঁর সঙ্গীদের তিনি ছিলেন নেতা বামুর্শিদ । তাই প্রতি বছর সিলেট বিজয়ের এই দিনে সঙ্গীও আউলিয়াগন বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসতেন মুর্শিদের কাছে । মুর্শিদের সান্ন্যিদ্ধে এসে সিলেট বিজয়ের এই গৌরবের জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানাতেন । সিলেট বিজয়ের পর প্রায় প্রতি বছর এ বিজয় দিবস মহাসমারোহে উদযাপিত হতো । নানা অঞ্চল থেকে আউলিয়ারা আসতেন হযরত শাহজালালের (রহঃ) এর দরবারে । এরূপ এক বছর বিজয় দিবস উদযাপনের কিছুদিন পূর্বে হযরতের কাছে এক নও-মুসলিম কাঠুরে এক ফরিয়াদ নিয়ে এলো । কাঠুরের ফরিয়াদ হল- তাঁর বিবাহযোগ্যা ৫ মেয়ে আছে । কিন্তু সে অত্যন্ত দরিদ্র ও নিচু জাতের মানুষ বলে মেয়েদের জন্য কোনও বিবাহ আলাপ আসেনা । কাঠুরে হযরতের কাছে এ দুর্ভাবনার প্রতিকার চান । হযরত কাঠুরের ফরিয়াদে অত্যন্ত বেদনাহত হলেন । তিনি কাঠুরেকে কিছুদিন পরে ‘সিলেট বিজয়ের দিন’ এর প্রতিকার করবেন বলে আশস্থ করলেন । সিলেট বিজয়ের দিন বরাবরের মতো সবাই সমবেত হলে সঙ্গীগণসহ হযরত শাহজালালের (রহঃ) জোহরের নামাজ আদায় করলেন । নামাজ শেষে তিনি কুড়াল হাতে করে পাহাড়-টিলা ব্যষ্টিতো (বর্তমান লাক্কাতোড়া চা বাগানের নির্ধারিত টিলা) উত্তর প্রান্তের গভীর জঙ্গলের দিকে যেতে থাকলেন । সঙ্গিরা তাকে অনুসরণকরতে থাকেন । এক জায়গায় এসে তিনি নিজ হাতে লাকড়ি সংগ্রহ করতে লাগলেন । মুর্শিদের অনুশরন করতে থাকলেন শিস্যরা । প্রত্যেকেই সংগ্রহ করলেন লাকড়ি । লাকড়ি সংগ্রহের পর হযরত মোরাকাবায় (ধ্যান) বসলেন । মোরাকাবা শেষে হযরতশাহজালালের (রহঃ) উপস্থিত সবাইকে অশ্রুসিক্ত নয়নে জানান কিছু সময় পূর্বে ‘উচ শরিফে’ তাঁর মামা ও মুর্শিদ সৈয়দ আহমদ কবির (রহঃ)-এর ওফাত হওয়ার কথা । তিনি সমবেতদের নিয়ে স্বীয় মুর্শিদের জন্য ফাতেহা পাঠ করেন । এরপর লাকড়ি কাধে করে নিয়ে সঙ্গিদেরসহ ফিরে আসেন নিজ আস্তানায় । লাকড়ি এক জায়গায় স্তূপ করে রেখে দেয়া হয় । এরপর সমবেতদের নিয়ে আসর নামাজ আদায় করেন । নামাজ শেষে তিনি সঙ্গিদের কাছে জানতে চাইলেন, আজ আমরা কি কাজ করেছি ? উপস্থিতরা বলেন, হযরত আমরা আজ লাকড়ি ভেঙ্গেছি । তিনি তখন বলেন যারা লাকড়ি ভাঙ্গে তারা যদি কাঠুরে হয় তবে আজ থেকে আমরাও কাঠুরে কারন আজ আমরাওলাকড়ি ভেঙ্গেছি । এরপর তিনি সমবেতদের কাছে ইসলামের সাম্যের বানী ও শ্রমের মর্যাদার কথা তুলে ধরেন ও গরিব কাঠুরের ফরিয়াদের কথা জানান । তখন সমবেতদের মধ্য থেকে অনেকেই কাঠুরের কন্যাদের বিয়ে করতে আগ্রহ প্রকাশ করেন । কাঠুরেএবার আগ্রহিদের মধ্য থেকে উপযুক্ত পাত্র বাছাই করেন । এই বিজয় উৎসব পালনের ২১ দিন পর হজরত শাহজালাল (রহ.) এর ওফাত হয় । মুর্শিদের দেহান্তরের সংবাদে দূরদূরান্ত থেকে মুরিদ ও ভক্তরা সমবেত হতে থাকলেন । এই সমবেত মানুষের খাবার রান্নায় এই লাকড়ি ব্যবহার করা হয় । এই স্মৃতিরধারাবাহিকতায় শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা ও আভিজাত্যের গৌরব ধ্বংস করার জন্য এই ‘লাকড়িতোড়ার প্রথা’ পালন করে যাওয়া অব্যাহত থাকে । সিলেট বিজয়ের ফলে যে ‘শাহজালালের’ মাধ্যমে এই অঞ্চলে ইসলামের বিজয় নিশান উড়েছে সেই ‘শাহজালালের’ ওফাতের পর হঠাৎ করে কেউ তাঁর নামে এমন একটি অনুষ্ঠান শুরু করবে এটা ঐতিহাসিকভাবে নির্ভরযোগ্য নয় । হয়তো তখন যাসুশৃঙ্খল কুচকাওয়াজ ছিলো এখন তা হাজার মানুষের মিছিল । তখনো কুচকাওয়াজের রীতিতে যে ‘নাকাড়া’ বাজতো এখন তাঁর সাথে যুক্ত হয়েছে ঢোল-ডঙ্কা । তখন সেই কুচকাওয়াজে অংশ নিতো শুধু তাঁর সঙ্গী আউলিয়া ও সৈনিকরা । এখন নানা জাতি-ধর্ম-বর্ণের মানুষ এই অনুষ্ঠানে অংশ নেয় । জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের লাকড়ি সংগ্রহের সুযোগ থাকে এই উৎসবে । পাকিস্তান আমল ও বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই উৎসবে পুলিশ বাহিনীর ব্যন্ড পার্টির জাকজমকপূর্ণ অংশ গ্রহণ ছিলো । কোনরূপ প্রচার প্রচারণাবিহীন প্রতি বছর এতো মানুষের সতস্ফুর্ত অংশগ্রহনে এই লাকড়ি তোড়ার (ভাঙ্গার) মেলা’ বা ‘লাক্কাতোড়ার উরস’ প্রাচীন এক লৌকিক উৎসবে সিলেট নগরীর রাজ পথকে বর্ণিল করে তোলে । এই লাকড়ি তোড়ার (ভাঙ্গার) মেলা’ বা ‘লাক্কাতোড়ার উরস’ এ জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল শাহজালাল (রহ:)-এর ভক্তদের অংশ গ্রহণ থাকে । এই লৌকিক ও অসাম্প্রদায়িক উৎসব সিলেটের ঐতিহ্যময় সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির । তপ্ত দুপুরে প্রখর রৌদ্রের মাঝে ছুটে চলা এ মিছিল যখনলাক্কাতোড়া বাগানের নির্দিষ্ট পাহাড়ে পৌঁছে তখন তৃস্নার্ত ভক্তদের জন্য কুয়া থেকে তুলে আনা ঠান্ডা জল নিয়ে অপেক্ষায় থাকে বাগানের সাঁওতাল-ওড়িয়া ছেলে বুড়োরা। প্রতি বছর চিরাচরিত প্রথায় পালন করা এ উৎসবের কোনো উদ্বোধক নেই, প্রধান বা বিশেষ অতিথি নেই, মিছিলের সামনে দাড়ানো নিয়ে কোনো প্রতিযোগিতা আম্বরখানা-মজুমদারি-খাসদবির- চৌকিদেখি পাড়ি দিয়ে লাক্কাতোড়া চা বাগানের নির্দিষ্ট পাহাড়ে পৌঁছে প্রথমে অনুষ্ঠিত হয় ফাতেহা-খানি । অতঃপর সবাই যারযার মতো করে সংগ্রহ করে লাকড়ি । সেই লাকড়ি কাঁধে নিয়ে আসর নামাজের পূর্বেই ফিরে আসে দরগা প্রাঙ্গনে । লাকড়ি কাঁধে নিয়ে হাজার হাজার মানুষ যখন রাজপথ ধরে শহরে ফিরতে থাকে তখন দূর থেকে দেখে মনে হয়, অরণ্য বুঝি নগরের দিকে হেঁটে আসছে । দরগায় পৌঁছে এ লাকড়ি প্রথমে দরগা পুকুরে ধুয়েনির্দিষ্ট জায়গায় সব জমা করে রাখা হয়। লাকড়ি ভাঙ্গার এই উৎসবের ২১ দিন পর অনুষ্ঠিত হয় হজরত শাহ জালাল (রহ:)-এর পবিত্র উরস শরীফ । এই দিন থেকে উরস শরিফের প্রস্তুতি পর্ব শুরু হয়ে যায় । প্রতিবছর উরসের শিন্নি রান্নায় ব্যবহার করা হয় এই লাকড়ি । |
গ্যালারি
তথ্যসূত্র
- ↑ ক খ গ Biographical encyclopedia of Sufis, By N. Hanif, Published by Surup & sons, new delhi, 1st edition 2000. p 171
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ শ্রীহট্টে ইসলাম জ্যোতি, মুফতি আজহারুদ্দীন সিদ্দিকি, উত্স প্রকাশন ঢাকা, প্রকাশকাল সেপ্টেম্বর ২০০২, পরিদর্শনের তারিখ: ২৮ জুন ২০১১
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ শ্রীহট্টের ইতিবৃত্ত পূর্বাংশ, দ্বিতীয় ভাগ, দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় অধ্যায়, দরবেশ শাহজালাল অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি; প্রকাশক: মোস্তফা সেলিম; উৎস প্রকাশন, ২০০৪।
- ↑ শাহ জালাল (র:), আব্দুল করিম; বাংলাপিডিয়া (সিডি সংস্করণ), ভার্ষণ 2.0.0। প্রকাশকাল: ২০০৬। পরিদর্শনের তারিখ: ১১ জুন ২০১১।
- ↑ ক খ গ জীবনি গ্রন্থ; শাহজালাল (রহ), শাহ ওয়ালী উল্লাহ, প্রকাশনায়- ছাফা বুক করপোরেশন ঢাকা, প্রাকাশ কাল জুলাই ১৯৯৭।
- ↑ ক খ গ Islam in South Asia in practice,By Barbara Daly Metcalf, Published by Princeton universiti press.
- ↑ সিলেট বিভাগের ভৌগোলিক ঐতিহাসিক রুপরেখা, সৈয়দ মোস্তফা কামাল, প্রকাশক- শেখ ফারুক আহমদ, পলাশ সেবা ট্রাস্ট সিলেট, প্রকাশকাল- ফেব্রুয়ারি ২০০১১, পৃঃ ১০,
- ↑ হযরত বুরহান উদ্দীন জীবনী গন্থগোলজারে আলম ক্বারী মোহাম্মদ নুর উদ্দীন চিশ্তী, প্রকশনায়-মোহাম্মদ্দ আতাউর রহমান, প্রকাশ কাল নভেম্বর ২০০০
- ↑ জিয়াউল হক, মো., হযরত শাহ্ জালাল (রা.): একটি মহাকাব্য, p. ৮৯, চৈতন্য প্রকাশনী, সিলেট, ২০১৫

মন্তব্যসমূহ